কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের পর মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ জানায়, দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পর দুর্ঘটনার খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে সেটির ভেতর থাকা চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কুইবেক পুলিশের কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কুইবেক প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট। তদন্তে অপরাধস্থল বিশেষজ্ঞদের পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও যুক্ত হয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, হাইওয়ে ১০-এর কাছে র্যাং দে জকসকাইস সড়কের পাশেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জরুরি ফোনকলে একটি হেলিকপ্টার বিপদে পড়ার কথা জানানো হয়েছিল। সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে বলেও জানানো হয়।
খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখতে রাত ১০টার আগ পর্যন্ত সেখানে তদন্ত ও উদ্ধার কার্যক্রম চালানো হয়।



























