স্বরাষ্ট্রমন্ত্রী
‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে সারা দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথ বাহিনী গঠনেরও পরিকল্পনা নেই বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার চিন্তাভাবনাও করা হচ্ছে না।
তিনি বলেন, আলাদা করে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন এবং মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



























