বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ১ অক্টোবর ২০২৬

আফগান নারী সাংবাদিকের সঙ্গে খাজা আসিফের আলাপ

‘এভাবে পোশাক পরে আফগানিস্তানে যাবেন না, গলা কেটে দেবে’

‘এভাবে পোশাক পরে আফগানিস্তানে যাবেন না, গলা কেটে দেবে’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আফগান নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তার পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তালেবান শাসনে আফগান নারীদের পরিস্থিতি ও পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি ওই সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘এভাবে কাপড় পরে আফগানিস্তানে যাবেন না। তাহলে তালেবান আপনার গলা কেটে দেবে।’
গত রোববার জাতিসংঘ সদর দপ্তরে আফগান নারী সাংবাদিক নাজিরা কারিমির সঙ্গে সাক্ষাৎকারের সময় এ ঘটনা ঘটে। তবে সাক্ষাৎকারটি রোববারের হলেও বুধবার (৩০ সেপ্টেম্বর) এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

সাক্ষাৎকারে নাজিরা কারিমি তালেবানের সঙ্গে পাকিস্তানের অতীতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বর্তমানে ইসলামাবাদের অবস্থান নিয়ে জানতে চান। একইসঙ্গে তালেবান শাসনামলে আফগানিস্তানের নারীদের পরিস্থিতি নিয়েও প্রশ্ন করেন তিনি।

জবাবে খাজা আসিফ সাংবাদিকের পোশাকের দিকে ইঙ্গিত করে ওই মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের কয়েকজনকে হাসতে দেখা যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে খাজা আসিফের বক্তব্যের সমালোচনা করেন। সমালোচকদের কেউ কেউ বলেন, নারীদের অধিকার ও আফগানিস্তানের পরিস্থিতির মতো গুরুতর বিষয়ে করা একজন নারী সাংবাদিকের প্রশ্নের এমন জবাব দেওয়া অনুচিত ও লজ্জাজনক।
সাক্ষাৎকারে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়াকেও পাকিস্তানের ‘বড় ভুল’ বলে মন্তব্য করেন খাজা আসিফ। একইসঙ্গে আফগানিস্তানকে তিনি ভালো প্রতিবেশী হিসেবে দেখেন না বলেও জানান।

গত চার দশকে যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তান থেকে লাখ লাখ মানুষ পাকিস্তানে আশ্রয় নিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান তালেবানকে দায়ী করে আসছে।

ইসলামাবাদের অভিযোগ, তালেবান সশস্ত্র গোষ্ঠীগুলোকে আফগানিস্তানে আশ্রয় ও মদদ দিচ্ছে। এ নিয়ে দুই দেশের সম্পর্কেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা তৈরি হয়েছে।

জনপ্রিয়