বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দুই প্রদেশে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, হামলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত ‘শিবির ও গোপন আস্তানা’ লক্ষ্য করা হয়েছে এবং এতে আনুমানিক ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন। তবে কাবুলের দাবি, হামলায় নারী ও শিশুসহ অন্তত নয়জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি জানায়। একই সময়ে আফগানিস্তান অভিযোগ করেছে, দেশটির কুনার ও হেলমান্দ প্রদেশে চালানো এসব হামলায় বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হতাহতের পরস্পরবিরোধী এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বুধবার গভীর রাতে উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও দক্ষিণাঞ্চলীয় হেলমান্দে এসব হামলা চালানো হয়।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হামলায় অন্তত নয়জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানান তিনি।

মুজাহিদের ভাষ্য অনুযায়ী, হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। তিনি এ ঘটনাকে ‘আগ্রাসন ও অপরাধ’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।

অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত শিবির ও গোপন আস্তানা। এসব হামলায় আনুমানিক ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।

তবে পাকিস্তান যে এলাকাগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে, সেখানে বেসামরিক হতাহতের বিষয়ে দেশটির বক্তব্য এবং আফগান সরকারের দাবির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

প্রায় তিন মাস তুলনামূলক শান্ত থাকার পর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও উত্তেজনা ও সংঘাত বাড়তে শুরু করেছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। পাকিস্তানের দাবি, এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সীমান্তপারের হামলা চালাচ্ছে।

তবে আফগান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কাবুলের দাবি, পাকিস্তানি বাহিনী সশস্ত্র গোষ্ঠীর পরিবর্তে বেসামরিক স্থাপনা ও বাড়িঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

নতুন এই বিমান হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়