বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ১ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে ঠিক কবে বা কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানাননি তিনি।

সম্প্রতি লন্ডনে আয়োজিত ‘Safeguarding Democracy in Bangladesh: Rights, Freedoms and the Rule of Law’ শীর্ষক এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে শেখ হাসিনা এ কথা জানান।

সেমিনারে শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশ বর্তমানে শাসনব্যবস্থা, নিরাপত্তা ও জনগণের আস্থার ক্ষেত্রে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে দিতে হবে এবং দেশের ভবিষ্যৎ জনগণের হাতেই নির্ধারিত হওয়া উচিত। একই সঙ্গে আগামী ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে তার পরিকল্পনা বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি।

২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনা ভারত চলে যান এবং এরপর থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। জুলাই ২০২৪-এর আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়। শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।

লন্ডনের One Great George Street-এর Godfrey Mitchell Room-এ অনুষ্ঠিত সেমিনারটির আয়োজন করে কানাডা ও যুক্তরাজ্যভিত্তিক Global Center for Democratic Governance (GCDG)। অনুষ্ঠানে শেখ হাসিনা ছাড়াও বক্তব্য দেন তার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাজ্যের এমপি বব ব্ল্যাকম্যান এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা।

এর আগে জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও শেখ হাসিনা ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জনপ্রিয়