শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ৩ অক্টোবর ২০২৬

অনলাইনে বিবাহ নিবন্ধনে কমবে বাল্যবিবাহ ও বহুবিবাহ: আইনমন্ত্রী

অনলাইনে বিবাহ নিবন্ধনে কমবে বাল্যবিবাহ ও বহুবিবাহ: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ-সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ এবং অননুমোদিত বহুবিবাহ ঠেকানো সহজ হবে।

শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ ও তালাকের তথ্য নিবন্ধনের ফলে বৈবাহিক সম্পর্কের তথ্য একটি সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এতে দেশের যেকোনো স্থান থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে।

তিনি বলেন, এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য হলো দেশের মানুষের বৈবাহিক সম্পর্কের তথ্য একটি নির্ভরযোগ্য ও সমন্বিত ডাটাবেজে সংরক্ষণ করা। এর মাধ্যমে প্রতিবছর কতটি বিবাহ হচ্ছে, বাল্যবিবাহের ঘটনা ঘটছে কি না এবং বিবাহ-সংক্রান্ত আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না—এসব বিষয় পর্যবেক্ষণ ও যাচাই আরও সহজ হবে।

মো. আসাদুজ্জামান বলেন, অনলাইনে বিবাহ নিবন্ধন চালু হলে কোনো ব্যক্তি আগে বিবাহ করেছেন কি না, করে থাকলে কতটি বিবাহ করেছেন এবং নতুন বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য আরবিট্রেশন কাউন্সিলের পূর্বানুমতি নেওয়া হয়েছে কি না—এসব তথ্য যাচাই করা যাবে। ফলে তথ্য গোপন করে বিবাহ, গোপন বিবাহ কিংবা পরবর্তীতে বিবাহ অস্বীকারের সুযোগ কমে আসবে।

তিনি বলেন, একজন নারী বা পুরুষও সম্ভাব্য জীবনসঙ্গীর আগের বিবাহের তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। এর ফলে সামগ্রিকভাবে বহুবিবাহের প্রবণতা কমবে।

সর্বশেষ

জনপ্রিয়