শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৩ অক্টোবর ২০২৬

মৌয়ের ‘শঙ্খ সকাল প্রকৃতি’, নির্মাণে অরুণ চৌধুরী

মৌয়ের ‘শঙ্খ সকাল প্রকৃতি’, নির্মাণে অরুণ চৌধুরী
ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত এ নাটকের চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরী। নাটকটির কেন্দ্রীয় চরিত্র ‘প্রকৃতি’তে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। গল্পে পারিবারিক আবহের পাশাপাশি নৈতিক মূল্যবোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

নাটকে ‘প্রকৃতি’ চরিত্রে সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে ‘শঙ্খ’ ও ‘সকাল’ নামে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ফারজানা চুমকিকে।

নতুন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, গল্প ও চরিত্রের বৈচিত্র্যই তাকে কাজটির প্রতি আগ্রহী করেছে। সবসময় ভালো গল্পে কাজ করার পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন তিনি। এ নাটকের ক্ষেত্রেও তেমন সুযোগ পেয়েছেন। নাটকটি প্রচারে এলে দর্শকের কাছে কেমন লাগবে, সেটিই এখন দেখার বিষয়। তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

আহসান হাবিব নাসিম বলেন, অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে এর আগেও কাজ করেছেন তিনি। নতুন এই নাটকের গল্পেও রয়েছে সুন্দর একটি নৈতিক বার্তা, যা দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে গোলাম কিবরিয়া তানভীরের কাছে নাটকটি আরও বিশেষ। ছোটবেলা থেকে যে অভিনেত্রীর অভিনয় দেখে বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য দারুণ এক অভিজ্ঞতা বলে জানান তিনি।

সব মিলিয়ে রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প, অরুণ চৌধুরীর নির্মাণ এবং অভিজ্ঞ অভিনয়শিল্পীদের উপস্থিতিতে ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। নাটকটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়