শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ৩ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে দল পেলেন পাকিস্তান অধিনায়ক

বিগ ব্যাশে দল পেলেন পাকিস্তান অধিনায়ক
ছবি: সংগৃহীত

পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানার সামনে এবার নতুন মঞ্চ। প্রথমবারের মতো নারী বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলতে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার। তাকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে পার্থ স্কর্চার্স।

ফাতিমাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আসন্ন মৌসুমের জন্য স্কর্চার্সের বিদেশি খেলোয়াড়ের তালিকাও পূর্ণ হয়েছে। দলে তার সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন ইংল্যান্ডের ফ্রেয়া কেম্প ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।

নতুন মৌসুমে স্কর্চার্সের হয়ে প্রথম আটটি ম্যাচে খেলার সুযোগ পাবেন ফাতিমা। তবে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে থাকার প্রয়োজন না হলে পরবর্তী ম্যাচগুলোতেও তাকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগ ব্যাশে এবারই প্রথম মাঠে নামবেন ফাতিমা। পাকিস্তানের নারী ক্রিকেটারদের মধ্যে এর আগে কেবল নিদা দার এই প্রতিযোগিতায় খেলেছেন। ফলে ফাতিমা হতে যাচ্ছেন নারী বিগ ব্যাশে খেলা দ্বিতীয় পাকিস্তানি নারী ক্রিকেটার।

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটেও নজর কেড়েছেন ফাতিমা। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকিয়ে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। একই বছরে দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলে প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কৃতিত্বও অর্জন করেন।

পার্থ স্কর্চার্সে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় ফাতিমা বলেন, ‘পাকিস্তান থেকে নারী বিবিএল দেখেছি এবং সব সময় ভাবতাম, এই দারুণ টুর্নামেন্টের অংশ হতে পারলে কেমন লাগবে। এখন স্কর্চার্সের প্রতিনিধিত্ব করা এবং মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ পাওয়া—এটা সত্যিই বিশেষ কিছু।’

আগামী ৩১ অক্টোবর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী বিগ ব্যাশের নতুন মৌসুম শুরু করবে পার্থ স্কর্চার্স।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়