বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ৮ অক্টোবর ২০২৬

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি
ছবি: সংগৃহীত

খেলাপি ঋণ আদায়ে নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি জব্দ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। রাজধানীর গুলশান-১ এর ওই জমির ওপরই রয়েছে সিটি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়। অর্থঋণ আদালতের আদেশের পর জমিটি জব্দ করে সেখানে নোটিশ টাঙিয়েছে ইউসিবি।

জানা গেছে, গুলশান মডেল টাউনের এসই (ডি) ব্লক-৩ এলাকায় এক বিঘা জমির ওপর নির্মিত সব স্থাপনা ও অবকাঠামোসহ সম্পত্তিটি আদালতের আদেশের আওতায় জব্দ করা হয়েছে। বর্তমানে ওই সম্পত্তিতে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউসিবির টানানো নোটিশে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর অর্থঋণ আদালতের দেওয়া আদেশের ভিত্তিতে সম্পত্তিটি ব্যাংকের অনুকূলে জব্দ করা হয়েছে। নোটিশটি সম্পত্তির প্রবেশপথে দৃশ্যমানভাবে টানানো হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, নাসা গ্রুপের প্রতিষ্ঠান নাসা তাইপেই টেক্সটাইল মিলস লিমিটেড ইউসিবি থেকে ঋণ নিয়েছিল। নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ না করায় তা খেলাপিতে পরিণত হয়। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে ইউসিবির পাওনা প্রায় ১৫০ কোটি টাকা। ঋণের অর্থ আদায়ে পরে অর্থঋণ আদালতে মামলা করে ইউসিবি। মামলার পর ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট সম্পত্তি জব্দের আদেশ দেন। একই সঙ্গে আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তির স্থানে আনুষ্ঠানিক নোটিশ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশের ভিত্তিতে দেওয়া নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, সম্পত্তিটির ওপর এখন ইউসিবির আইনগত স্বার্থ ও দাবি প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের আদেশ অমান্য করে এ সম্পত্তি বিক্রি, ক্রয়, হস্তান্তর, নিবন্ধন বা অন্য কোনো ধরনের লেনদেন করা বেআইনি হিসেবে গণ্য হবে এবং তা আদালত অবমাননার শামিল হবে।

নোটিশে বলা হয়, সম্পত্তিটি নিয়ে কোনো ধরনের লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে ইউসিবির পূর্ব লিখিত অনুমতি প্রয়োজন হবে। আদালতের আদেশ লঙ্ঘন করে কেউ কোনো কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। ফলে নাসা গ্রুপের ঋণখেলাপির দায়ে এমন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পত্তি আদালতের আদেশে জব্দ হওয়ার বিষয়টি সামনে এসেছে, যেখানে বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় সিটি ব্যাংকের প্রধান কার্যালয় পরিচালিত হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়