প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ২২ বছর ৬ মাস ধরে প্রভাতী ইন্স্যুরেন্সে কর্মরত মোহাম্মদ সিরাজুল ইসলাম তাঁর কর্মজীবনে কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত করায় আমি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের বীমা খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি সিএ (কোর্সেস কমপ্লিটেড) ও এলএলবি ডিগ্রিধারী। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বীমা সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা কোম্পানি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং এএএ।



























