পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসা
মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-ব্যাংকাররাও
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। ২০২৫ সাল থেকে চলা এসব আয়োজনে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশ নিতেন তরুণ-তরুণীরা। সম্প্রতি ওই বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এসব তথ্য জানান।
ইলিয়াস কবির বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে প্রবেশ করে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশের সদস্যরা।
তিনি জানান, বাড়ির সামনে ও ভেতরে প্রায় ২২টি গাড়ি ছিল। ভবনের ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল। সিসা সেবনের কারণে পুরো পরিবেশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল।
ডিসি ইলিয়াস কবিরের দাবি, পার্টিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারও ছিলেন। সেখানে ২৬ জন তরুণীকে পাওয়া যায়। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও সেখানে ছিলেন।
তিনি আরও জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধন করে অংশগ্রহণকারীরা এসব আয়োজনে যোগ দিতেন। প্রতি মাসে এ ধরনের ২০ থেকে ২২টি পার্টি অনুষ্ঠিত হতো। প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
ওই বাড়ি থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা জানান, আটক ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।
অন্যদিকে, আটক মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।



























