মহাখালীতে ট্রেনের ধাক্কায় হোটেল কর্মচারীর মৃত্যু
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় মো. রায়হান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রায়হান ফুটপাতের এক হোটেলের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
রায়হানকে হাসপাতালে নিয়ে আসা মো. আকাশ জানান, রায়হান মহাখালীর রেলগেট এলাকার ফুটপাতের একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন। সন্ধ্যার দিকে মহাখালী রেলগেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



























