বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ২১ অক্টোবর ২০২৬

৪২ বিজিবির নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন

৪২ বিজিবির নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন
ছবিঃ বিজিবি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের ৮৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল। বিজিবির দাবি, তাদের কঠোর নিরাপত্তাব্যবস্থা, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির মধ্যে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বুধবার (২১ অক্টোবর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকার ৬৪টি এবং ব্যাটালিয়ন সদর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে ৮৬টি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।”

তিনি আরও জানান, বিজিবির গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়