শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ২৩ অক্টোবর ২০২৬

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, মার্কেট ও শপিং মল। এতে প্রতিষ্ঠানগুলো বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর দোকানপাট, মার্কেট ও শপিং মল ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে একাধিকবার দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরে জুনে সময়সীমা রাত ৯টা নির্ধারণ করা হয়। এরপর ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়।

সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হলেও সেই সুবিধা শেষ হওয়ায় শুক্রবার থেকে আবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার নিয়ম কার্যকর হচ্ছে।
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়