সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইজারাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুজ্জামান বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে এক যুবক তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকরা নিজেদের জরুরি সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার কথা জানিয়ে গাড়িটি ইজারার আওতামুক্ত বলে উল্লেখ করেন।
এ সময় ওই যুবক মাইক্রোবাসটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে। পরে বিপ্লব সেখানে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন বলেও অভিযোগ করা হয়েছে। এ ছাড়া নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, তাঁর কোনো ভাতিজা নেই। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলেছেন।



























