গাজীপুরে বসতবাড়িতে আগুন, দুই শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
গাজীপুর মহানগরের পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে সকাল সাড়ে ৫টা থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকার মিয়াজ উদ্দিন প্রধানের টিনের আধাপাকা বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—রুবেলের ছয় বছর বয়সী ছেলে সাইয়ান, চার বছর বয়সী ছেলে সোয়াত এবং তাঁর স্ত্রী সুবর্ণা আক্তার।
প্রাথমিক তথ্যানুযায়ী, আগুনে বাড়িটির ছয়টি কক্ষ, একটি মোটরসাইকেল, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তথ্য এখনো পাওয়া যায়নি।



























