জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে : হুইপ দুলু
জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সোমবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত ‘বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকারকে কাজের সুযোগ দিতে বিরোধী দলগুলোর আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন তিনি।
হুইপ দুলু বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা অনুপস্থিত ছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং মানুষ গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতান্ত্রিক সরকার জনগণের দায়িত্ব গ্রহণ করায় এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে হুইপ বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং ইমাম ও ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসাথে লড়াই করা বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দিতে হবে। অর্জিত গণতন্ত্র যেন আবার বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দুলু বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. রমিজ উদ্দিন কাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



























