সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ২৬ অক্টোবর ২০২৬

বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল, দেনমোহর ৯৯৯ টাকা

বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল, দেনমোহর ৯৯৯ টাকা
ছবিঃ সংগৃহীত

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় এসেছে তাদের দেনমোহরের পরিমাণ। প্রচলিত ধারণার বাইরে গিয়ে মাত্র ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণ করেছেন এই দম্পতি।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় পারিবারিক পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন সুজাত শিমুল। সেখানে তিনি লেখেন, ‘একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে সাথে নিয়েই মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

এদিকে বিয়ের দেনমোহর ৯৯৯ টাকা নির্ধারণের বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেন এমন ব্যতিক্রমী অঙ্ক বেছে নিলেন তারা? এ বিষয়ে গণমাধ্যমকে সুজাত শিমুল জানান, জীবন ও বিয়ে নিয়ে দুজনের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই এই সংখ্যা নির্ধারণ করেছেন তারা।

শিমুল বলেন, ‘আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করি; সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’

তবে ৯৯৯ সংখ্যাটি বেছে নেওয়ার পেছনে আরও একটি ভাবনা রয়েছে এই দম্পতির। সুজাত শিমুলের মতে, ৯৯৯-এর পরের ঘরে স্বাভাবিকভাবেই একটি শূন্যস্থান থাকে। মানুষের জীবনও তেমন—কখনো পুরোপুরি পরিপূর্ণ হয় না। জীবনের এই অপূর্ণতার দর্শনও তাদের দেনমোহরের অঙ্ক নির্ধারণে প্রভাব ফেলেছে।

সব মিলিয়ে, বিয়েকে জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখার পাশাপাশি ৯৯৯ সংখ্যাটির মধ্য দিয়ে জীবন সম্পর্কে নিজেদের ভাবনাও তুলে ধরেছেন সুজাত শিমুল ও জান্নাতুন নেছা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়