কোনাবাড়ীতে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট
গাজীপুরের কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় আবারও ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন, “আমরা বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুনের খবর পাই। পরে আমাদের স্টেশন থেকে দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন। এ ছাড়া সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



























