সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ২৬ অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে শিল্পী-সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে বাধার অভিযোগ, আটক ১

ধানমন্ডিতে শিল্পী-সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে বাধার অভিযোগ, আটক ১
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন-সমাবেশে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় ‘প্রতিবাদী শিল্পী জনতা’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ মানববন্ধন-সমাবেশ হওয়ার কথা ছিল। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়া এবং দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র নামে হামলা ও বাধার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি শুরুর আগে থেকেই ধানমন্ডি-২৭ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। মানববন্ধনে অংশ নিতে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, দীপক শীল, শ্রমিক নেতা মুর্শিকূল ইসলাম শিমুলসহ বেশ কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মী সেখানে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের কথা-কাটাকাটি ও টানাহেঁচড়ার ঘটনা ঘটে। পরে দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, দীপক নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরে বিকেলে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘মৌলবাদীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সংস্কৃতির ওপর হামলা, ঘুরে দাঁড়াও বাংলা’ এবং ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’।

অভিনেত্রী সুমনা সোমা সাংবাদিকদের বলেন, দেশজুড়ে বাউলশিল্পীদের ওপর হামলা এবং সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে এসেছেন। তাঁর অভিযোগ, পুলিশের একজন সদস্য ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করেন। এর প্রতিবাদ করার পর দীপক শীলকে আটক করে নিয়ে যাওয়া হয়।

সুমনা সোমা আরও বলেন, ‘জয় বাংলা’ স্লোগান বাঙালির অস্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামের অর্জনের সঙ্গে যুক্ত। তাঁরা এ স্লোগান দেওয়া অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়