জাতীয় পরিকল্পনা আরও সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী
সময় ও বাস্তবতার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় পরিকল্পনাকে আরও সমৃদ্ধ, কার্যকর ও জনমুখী করা হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্বব্যাংকের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছিল। সেই ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে পাঁচ সদস্যের পরিবারে বয়োজ্যেষ্ঠ নারীকে প্রধান করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে পাওয়া সহায়তা পরিবারের দৈনন্দিন ব্যয় মেটানো, সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করা এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এর মাধ্যমে জাতীয় জিডিপির প্রবৃদ্ধিতেও ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে।
ফ্যামিলি কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তিনি বলেন, দেশের পরিবারগুলোর তথ্য সংরক্ষণে অতীতে সুনির্দিষ্ট কোনো ‘ফ্যামিলি ট্রি’ বা পারিবারিক তথ্যভান্ডার গড়ে ওঠেনি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্যভিত্তিক ফ্যামিলি ট্রি তৈরি করা হবে। এসব তথ্য কাজে লাগিয়ে ভবিষ্যতে জাতীয় উন্নয়ন পরিকল্পনা আরও বাস্তবসম্মত ও কার্যকর করা সম্ভব হবে।



























