বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ৩ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে আ.লীগের অর্থের সংযোগ থাকতে পারে: তথ্য উপদেষ্টা

শ্রমিক আন্দোলনে আ.লীগের অর্থের সংযোগ থাকতে পারে: তথ্য উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই সরকার মজুরি বোর্ড গঠন করেছে। 

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পোশাকশিল্পে চলমান আন্দোলন ও নাশকতার বিষয়ে উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়েই সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। ফলে শ্রমিকদের মূল দাবি বা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে এখন আর প্রশ্ন থাকার কথা নয়। তারপরও যারা সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে, তাদের সাধারণ শ্রমিক হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ফ্যাসিস্ট চক্র বা নিষিদ্ধ রাজনৈতিক দলটির হাতে থাকা বিপুল পরিমাণ লুটপাটের অর্থ ব্যয় করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে শ্রমিক আন্দোলনের কোনো যোগসূত্র থাকতে পারে। এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলায় সরকার ও প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করা হচ্ছে। সরকার এমনটি মনে করে না।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার তাতে কোনো বাধা দেবে না।

জনপ্রিয়