বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ৪ নভেম্বর ২০২৬

ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের ১১ জন গ্রেপ্তার

ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের ১১ জন গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট ও ওয়েবসাইট তৈরিতে সহযোগিতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় চক্রটির মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্যামল চন্দ্র শীলের ছেলে শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। চক্রটির ফেসবুক পেজের প্রচারণা চালানো, বিভিন্ন পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে তাঁরা সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার দুজনকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

পুলিশ জানায়, এর আগে বিভিন্ন সময়ে একই চক্রের আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ দুজনসহ এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়