এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
রোববার (৮ নভেম্বর) সকালে তিনি বাহিনীর মহাপরিচালক হিসেবে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর উপস্থিত বাহিনীর সদস্যদের জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন ফারুক আহমেদ। পাশাপাশি বাংলাদেশের জননিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।
ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।



























