মেঘালয় সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করেছি: রনজিত সরকার
ভারতের মেঘালয় সীমান্ত হয়ে দেশে প্রবেশ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করার দাবি করেছেন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার।
রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভার ভিডিও সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের নির্বাচনি এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওই সভায় দেখা গেছে। সভাস্থলে টানানো ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ এতে অতিথি হিসেবে রনজিত সরকারের নাম উল্লেখ করা হয়।
৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে স্থান স্পষ্ট না হলেও উপস্থিত কয়েকজন ব্যক্তি রোববার সন্ধ্যার সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, “সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে। ওই সীমান্ত দিয়ে রনজিত সরকার প্রবেশের কোনো সুযোগ নেই।”



























