সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত পলাতক

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত পলাতক
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমন ও তার মা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনে গিয়ে বাড়িটি জনশূন্য দেখা যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ইমন পাঠিকা বাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেন এলাকায় বসবাস শুরু করে। ইমনের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। তার বড় ভাই আকাশও নেদারল্যান্ডসে থাকেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

প্রতিবেশীরা জানান, সে বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। বারবার ফেল করার কারণে এর আগেও স্কুল পরিবর্তন করেছে। ইমনকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গে তার তেমন মেলামেশাও ছিল না। এমনকি আশপাশের অনেকেই তাকে ভালোভাবে চিনতেন না। তার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

প্রতিবেশী মিঠুন আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইমনের বাবা ও বড় ভাইকে চিনি। তারা প্রবাসে থাকেন। ছেলেটাও ছোট, মোটামুটি চিনি। তবে তাকে খুব একটা এলাকায় ঘোরাফেরা করতে দেখিনি। কারও সঙ্গে তেমন মেলামেশাও ছিল না। যে ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এর আগে সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুল ছুটির পর বাড়িতে ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এসময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।

জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। সেও একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, “বিষয়টি পুলিশের নজরে এসেছে। হামলাকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

সর্বশেষ

জনপ্রিয়