শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
শিক্ষাখাতের উন্নয়নে সরকারের বরাদ্দ করা অর্থের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে জাতীয় বাজেটে জিডিপির ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ আরও বাড়ানো হবে। তবে শিক্ষার জন্য বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন অর্থের অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
দেশের টেকসই উন্নয়নে মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দক্ষ জনশক্তি বিদেশের শ্রমবাজারে পাঠানো সম্ভব হলে দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।



























