বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এ সংলাপ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্কে সৃষ্ট এই অস্বস্তির প্রভাব পড়েছে কনস্যুলার সংলাপের ওপর। এর পরিপ্রেক্ষিতেই নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
সূত্র জানায়, দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।



























