শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৩ নভেম্বর ২০২৬

এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা হামলা বা নাশকতার কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে যৌথ তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। এলাকাটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

তিনি বলেন, আগুন লাগা টিনশেড আধা-পাকা বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তিনতলা ভবনে বসবাস করেন সংসদ সদস্যের বাবা-মা। টিনশেড বাড়িটিতে নিয়মিত কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র রাখা ছিল।

ঘটনার খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পরীক্ষা করে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিংবা বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন রয়েছে—এমন তথ্যও মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের কথা জানাননি।

সালাউদ্দিন আহমদ বলেন, বাড়িটি পুরোনো এবং এর বৈদ্যুতিক সংযোগের তারের অবস্থা দুর্বল ছিল। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

জনপ্রিয়