রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২০ জানুয়ারি ২০২৬

এই প্রথম দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা

এই প্রথম দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

দিল্লিতে থাকা সত্ত্বেও গত দেড় বছরে কখনও ভারতের কোনও অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তবে আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রথমবার ভার্চুয়ালি ভাষণ দেবেন।

শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দিল্লিতে রয়েছেন। দেশ ছাড়ার কয়েক মাসের মধ্যেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি নিয়মিত তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেন, তবে কখনও সরাসরি ক্যামেরার সামনে হাজির হননি।

আগামী শুক্রবারের অনুষ্ঠানটি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেসক্লাবসের উদ্যোগে আয়োজিত। অনুষ্ঠানে সন্ধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

যদিও আমন্ত্রণপত্র বিতরণ শুরু হয়েছে, বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। কূটনৈতিক মহলের ধারণা, ঢাকার পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে আপত্তি আসার সম্ভাবনা রয়েছে। এর আগে মাসকয়েক আগে দিল্লির জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতাদের সাংবাদিক সম্মেলন করার পরিকল্পনা ছিল, যা শেষ মুহূর্তে বাতিল হয়। পরবর্তীতে জানা যায়, বাংলাদেশ হাইকমিশন ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আপত্তি জানিয়েছিল।

শুক্রবারের অনুষ্ঠানটি পূর্বে বাতিল হওয়া প্রেসক্লাবের প্রস্তাবিত সাংবাদিক বৈঠকের তুলনায় অনেক বেশি গুরুত্ব বহন করছে। অনুষ্ঠানটিতে হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মহম্মদ এ সিদ্দিক, সাবেক তিন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, একে আব্দুল মোমেন এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থাকবেন। এছাড়া বক্তব্য রাখবেন অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং ফ্রান্সের কোট দ্য জুর ইউনিভার্সিটির সম্মানিত ফেলো ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ডিন এস এম মাসুম বিল্লাহ।

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২৪ দিন বাকি। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। নির্বাচনের প্রাক্কালে দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি কূটনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে। ধারণা করা হচ্ছে, ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া তিনি এই অনুষ্ঠানে অংশ নিতেন না। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন ও দলের অবস্থান নিয়ে বক্তব্য রাখবেন।

সূত্র; thewall

সর্বশেষ