রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ৩১ জানুয়ারি ২০২৬

বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টিকে না বলতে হবে: গোলাম পরওয়ার

বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টিকে না বলতে হবে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—এই তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এবারের নির্বাচনে এই তিন দলকে না বলতে হবে। নৌকা, ধানের শীষ ও লাঙ্গল—এই প্রতীকের রাজনীতি দেখার সময় শেষ। এবার জনগণ পরিবর্তন চায়।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে এই দলগুলো। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।”

৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “সারা দেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। তখন দেশে তো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজি আর হত্যাকাণ্ড কে করেছে—তা জনগণ দেখেছে।”

তিনি বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দুর্নীতি রোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।