মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৭ অক্টোবর ২০২৬

এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ

এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে।

সদস্যসচিব হয়েছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনি।

সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনটির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে বলে দলটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি নামে সহযোগী সংগঠন গঠন করে এনসিপি। এবার সেই তালিকায় যুক্ত হলো জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আন্দোলনের সম্মুখসারির কয়েকজন সমন্বয়ক আত্মগোপনে থাকা কিংবা আটক হওয়ার সময় মাহিনসহ তিন সমন্বয়ক ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে আলোচনায় আসেন।

অভ্যুত্থানের পর এনসিপিতে যোগ দিয়ে দলটির যুগ্ম সদস্যসচিব হন মাহিন। পরে ডাকসু নির্বাচনে সমন্বয়কদের একাংশের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে গত সেপ্টেম্বরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়।

সংগঠনটির সদস্যসচিব জোবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য আসনটি এনসিপিকে ছেড়ে দিলেও স্থানীয় জামায়াত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওই নির্বাচনে জোবাইরুল হাসানের জামানত বাজেয়াপ্ত হয়।

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসেন। ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। ঈদুল আজহার আগে শুরু হওয়া তার টানা অবস্থান কর্মসূচি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

পরে ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চার ঘণ্টার বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন রনি। চলতি বছরের এপ্রিলে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

সর্বশেষ

জনপ্রিয়