মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২৭ অক্টোবর ২০২৬

‘স্টার ট্রেক’-খ্যাত অভিনেতা ওয়াল্টার কোয়েনিগ মারা গেছেন

‘স্টার ট্রেক’-খ্যাত অভিনেতা ওয়াল্টার কোয়েনিগ মারা গেছেন
ছবিঃ সংগৃহীত

হলিউডের বর্ষীয়ান অভিনেতা ও চিত্রনাট্যকার ওয়াল্টার কোয়েনিগ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জনপ্রিয় কল্পবিজ্ঞানভিত্তিক সিরিজ ‘স্টার ট্রেক’-এ পাভেল চেকভ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।

ওয়াল্টারের মৃত্যুর খবর জানিয়েছে গ্যালাকটিক প্রোডাকশন্স। প্রতিষ্ঠানটি অভিনেতার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও ভক্তদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় গত রাতে যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার মেয়ে ও ভাগনি পাশে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ওয়াল্টারের প্রতিভা, আন্তরিকতা ও অভিনয়ের প্রশংসা করে বলা হয়, তার অনবদ্য অভিনয় প্রজন্মের পর প্রজন্মের দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। বিশেষ করে ‘স্টার ট্রেক: দ্য অরিজিনাল সিরিজ’-এ পাভেল চেকভ চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল।

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রচারিত ‘স্টার ট্রেক: দ্য অরিজিনাল সিরিজ’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান ওয়াল্টার। পরে মূল অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত ‘স্টার ট্রেক’-এর একাধিক চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া ১৯৯৪ সালের ‘স্টার ট্রেক: জেনারেশনস’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

‘স্টার ট্রেক’-এর বাইরে বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্যাবিলন ৫’-এ আলফ্রেড বেস্টার চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন ওয়াল্টার। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্র, তথ্যচিত্র ও টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন তিনি।

জীবনের শেষ পর্যায়েও অভিনয় চালিয়ে গেছেন এই অভিনেতা। ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্টার ফ্লেইশম্যান’-এ অভিনয়ের জন্য একই বছর ইন্ডিপেনডেন্ট শর্টস অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে প্ল্যাটিনাম পুরস্কার পান তিনি।

গ্যালাকটিক প্রোডাকশন্সের বিবৃতিতে আরও বলা হয়, পর্দার বাইরেও ভক্তদের সঙ্গে তার আন্তরিক যোগাযোগ ছিল। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে সময় কাটাতেন তিনি। ‘স্টার ট্রেক’ দর্শকদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতেন এবং এই সিরিজকে ঘিরে গড়ে ওঠা ভক্তসমাজকে আপন করে নিয়েছিলেন ওয়াল্টার।

সর্বশেষ

জনপ্রিয়