৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের উদীয়মান লেগস্পিনার রিশাদ হোসেন। তবে আসন্ন মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি এবারের নিলামে তার জন্য কোনো বিডও করেনি লাহোর।
তবে রিশাদকে নিয়ে আগ্রহ দেখায় করাচি কিংস ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বেশ কিছুক্ষণ দর হাঁকানোর পর শেষ পর্যন্ত ৩ কোটি পাকিস্তানি রুপিতে বাংলাদেশি এই লেগস্পিন অলরাউন্ডারকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
আজ (বুধবার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় পিএসএলের প্লেয়ার ড্রাফট। এতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেন, যার মধ্যে বাংলাদেশি ক্রিকেটার ছিলেন ৫৩ জন।
বাংলাদেশিদের মধ্যে সবার আগে ড্রাফটে ওঠে মেহেদী হাসান মিরাজের নাম। তবে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরবর্তীতে রিশাদ হোসেনের নাম ওঠার পরই রাওয়ালপিন্ডির ঠিকানা নিশ্চিত হয় তার।
এবারের নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে ছিলেন তিনজন—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন আরও ২২ জন ক্রিকেটার। সেখান থেকেই দল পান রিশাদ হোসেন। দর হাঁকানোর একপর্যায়ে ২৩ বছর বয়সী এই লেগস্পিন অলরাউন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৩ কোটি রুপিতে।
গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেছিলেন রিশাদ। চলতি বছর বিপিএল চলাকালেই তিনি অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে অংশ নেন। প্রথমবার টুর্নামেন্টটিতে খেলেই হোবার্ট হারিকেন্সের হয়ে নজর কাড়েন তিনি। সেখানে ১২ ম্যাচে তার সংগ্রহ ১৫ উইকেট।
পিএসএলের আসন্ন মৌসুমে রাওয়ালপিন্ডির জার্সিতে রিশাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।



























