শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

‘কেউ ইচ্ছে করে খারাপ খেলতে মাঠে নামে না’

‘কেউ ইচ্ছে করে খারাপ খেলতে মাঠে নামে না’
ছবি: সংগৃহীত

গ্রুপপর্বে দাপুটে পারফরম্যান্সের পর সুপার এইটে গিয়ে হঠাৎই ছন্দ হারিয়েছে শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে হার—আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। মাঠের ব্যর্থতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও সমর্থকদের কড়া সমালোচনায় বাড়ছে চাপ। এমন পরিস্থিতিতে নিজের দলের পাশে দাঁড়ালেন অধিনায়ক দাসুন শানাকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর বুধবার কলম্বোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শানাকা বলেন, “কেউ ইচ্ছা করে খারাপ খেলতে মাঠে নামে না। সবাই দলকে জেতানোর লক্ষ্য নিয়েই নামে।” সমর্থকদের কাছে ‘লজ্জাজনক’ পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেও তিনি স্পষ্ট করে দেন, অতিরিক্ত নেতিবাচক সমালোচনা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

শানাকার মতে, বর্তমানে শ্রীলঙ্কার ক্রিকেটকে ঘিরে এমন এক নেতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি। তিনি বলেন, “আমরা যতই ইতিবাচক থাকার চেষ্টা করি, মাঠের বাইরে প্রচণ্ড নেতিবাচকতা থাকে। এটা ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য খুবই ক্ষতিকর।”

১৬৯ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১১ ওভারেই ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি দলটি।

দলের ব্যর্থতার পেছনে চোটকেও বড় কারণ হিসেবে দেখছেন শানাকা। ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা ও এহসান মালিঙ্গা—এই তিন গুরুত্বপূর্ণ বোলারকে না পাওয়াটা বড় ধাক্কা ছিল বলে মনে করেন তিনি। তার ভাষায়, ফিটনেসকে আপসহীন জায়গায় নিতে হবে, কারণ চোটের কারণে অনেক খেলোয়াড়ই দলে ঢুকতে পারছে না।

এদিকে সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, শ্রীলঙ্কা ক্রিকেট ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছে। তার মতে, সব স্তরে বড় ধরনের পরিবর্তন না আনলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে লঙ্কান ক্রিকেটের জন্য।

সর্বশেষ