শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সর্বোচ্চ রানের মালিক বাটলার গড়লেন সর্বোচ্চ ডাকের রেকর্ডও

সর্বোচ্চ রানের মালিক বাটলার গড়লেন সর্বোচ্চ ডাকের রেকর্ডও
ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের ভরসার প্রতীক ছিলেন জস বাটলার। বিধ্বংসী ব্যাটিং আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটিংয়ের ভার সবচেয়ে বেশি ছিল তার কাঁধেই। কিন্তু প্রত্যাশার সেই উঁচু মঞ্চে এবার ঠিক মানিয়ে নিতে পারেননি ইংলিশ তারকা। বড় ইনিংসের বদলে ব্যর্থতার ছায়াই যেন সঙ্গী হয়েছে তার। এরই মধ্যে নিজের নামের পাশে যুক্ত হয়েছে এক বিব্রতকর রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ডাক খাওয়ার পর এখন দেশের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি শূন্য রানের মালিকও তিনি।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল তার দশম শূন্য। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন লুক রাইট ও মঈন আলীকে। রাইট ৪৫ ইনিংসে ৯ বার এবং মঈন ৭৫ ইনিংসে ৯ বার শূন্য রানে আউট হয়েছিলেন। বাটলার সেখানে ১৪২ ইনিংসে গড়েছেন এই রেকর্ড।

বাটলারের এমন রেকর্ডের দিনে অবশ্য জিতেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক আস্থা রেখেছেন বাটলারের ওপর, 'জসকে নিয়ে অনেক কথা হয়েছে। সেদিনই বলছিলাম, ইংল্যান্ডের হয়ে দেড়শ (১৫৪) ম্যাচ খেলেছেন তিনি এবং লোকের তাই সম্ভবত একটু পিছু হটা উচিত সেখান থেকে। এই খেলাটা যারা খেলেছেন, তিনি সম্ভবত সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা।'

'এখন খানিকটা বাজে অবস্থায় আছেন। তবে গোটা বিশ্বের সবার জন্যই রোমাঞ্চকর যে, পরের দুই ম্যাচে তিনি কী করতে পারেন। অবশ্যই তিনি তেতে আছেন এবং মাঠে নেমে নিজের জাত দেখাতে চান।'-যোগ করেন তিনি।

সর্বশেষ