কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল (কমলাপুর) স্টেডিয়াম-এর জরাজীর্ণ অবস্থা ও চরম অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (১ মার্চ) দুপুরে স্টেডিয়ামটি আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অসন্তোষের কথা জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের বেহাল চিত্র প্রত্যক্ষ করেন।
তিনি বলেন, বর্তমানে স্টেডিয়ামটি কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এমনকি ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরি যাওয়ার ঘটনাও ঘটেছে, যা উদ্বেগজনক।
এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রমাণ পাওয়ায় তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-র নির্বাহী পরিচালককে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন।
স্টেডিয়ামের ড্রেসিংরুম ও অভ্যন্তরীণ পরিবেশ খেলাধুলার জন্য সম্পূর্ণ অনুপযোগী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে স্টাফরা টিনশেড ঘর তৈরি করে বসবাস করছেন, যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামটির সংস্কার ও আধুনিকায়নের দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে বুঝিয়ে দেওয়া হবে।



























