বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ১৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে কিউইরা

বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে কিউইরা
ছবি: সংগৃহীত

আইপিএলের ব্যস্ত সূচির কারণে তারকাবিহীন এক ভিন্ন রূপের দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে অভিজ্ঞদের অনুপস্থিতিকে দুর্বলতা নয়, বরং নতুনদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন অধিনায়ক টম ল্যাথাম। তরুণদের জন্য এই সিরিজ হতে পারে নিজেদের প্রমাণের মঞ্চ—এমনটাই বিশ্বাস কিউই অধিনায়কের।

গত ১৩ এপ্রিল সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পা রাখে নিউজিল্যান্ড দল। স্কোয়াডে রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন—এদের অনুপস্থিতিতে দলটি অনেকটাই অনভিজ্ঞ।

তবে এটিকেই ইতিবাচকভাবে দেখছেন ল্যাথাম। তার ভাষায়, “আমরা কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে এখানে এসেছি, তবে এর ফলে অনেকেই সুযোগ পাচ্ছে—যারা আগে হয়তো সেভাবে সুযোগ পায়নি। বাংলাদেশে খেলা, উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের অনেক কাজে আসবে।”

তিনি আরও বলেন, ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দল ব্যবস্থাপনায় নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়াই তাদের মূল লক্ষ্য। এতে ভবিষ্যতে নিউজিল্যান্ড দলে শক্তিশালী বেঞ্চ তৈরি হবে বলেও মনে করেন তিনি।

ল্যাথাম স্পষ্ট করে দেন, লক্ষ্য কিন্তু একটাই—সিরিজ জয়। “আমরা এখানে সিরিজ জিততেই এসেছি। প্রতিটি ম্যাচ থেকে শিখে শেষ দিকে নিজেদের সেরা অবস্থানে নিতে চাই। কম অভিজ্ঞ হলেও বাংলাদেশের বিপক্ষে খেলা তাদের জন্য বড় সুযোগ,” বলেন তিনি।

দলের দায়িত্ব প্রসঙ্গে ল্যাথাম বলেন, নতুনদের মধ্যে আত্মবিশ্বাস জোগানো এবং কন্ডিশন সম্পর্কে ধারণা দেওয়া তার অন্যতম কাজ। পরিস্থিতি বুঝে খেলাই হবে সাফল্যের চাবিকাঠি।

অনভিজ্ঞ দল সামলানো কঠিন কি না—এ প্রশ্নে আত্মবিশ্বাসী ল্যাথাম বলেন, “একদমই কঠিন না। নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের। এখন ক্রিকেট অনেক বদলে গেছে—বিভিন্ন লিগ ও আন্তর্জাতিক সূচির কারণে ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিতে হচ্ছে। এতে তারা দায়িত্ব নিতে শিখছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক।”

সম্পর্কিত বিষয়: