সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ২৩ আগস্ট ২০২৬

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের
ছবি: সংগৃহীত

মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল এক তরুণ ফুটবলারের জীবন। পর্তুগালের মালভেইরায় প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে খেলতে নেমে আকস্মিক অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ইংলিশ ফুটবলের পরিচিত মুখ কেভিন কাস্ত্রো। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শনিবার রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দে আমাদোরার মধ্যকার ম্যাচের শুরুতেই অসুস্থ বোধ করেন কাস্ত্রো। খেলা শুরুর প্রায় ১০ মিনিটের মাথায় হঠাৎ মাঠে পড়ে যান তিনি। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ছুটে আসেন মাঠের চিকিৎসাকর্মীরা। তাঁকে বাঁচাতে জরুরি চিকিৎসার পাশাপাশি ডিফিব্রিলেটরও ব্যবহার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মর্মান্তিক এ ঘটনার পর ম্যাচটি আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

কাস্ত্রোর ফুটবলযাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডে। ২০২১ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের যুব দলে যোগ দেন তিনি। পরবর্তীতে কারাবাও কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ওয়েস্ট ব্রমউইচের মূল দলে খেলার সুযোগ পান। এরপর বার্টন, নটস কাউন্টি, গেটসহেড ও ইয়র্ক সিটির মতো ক্লাবের জার্সিতেও দেখা গেছে তাঁকে।

তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল অঙ্গনে। তাঁর সাবেক ও বর্তমান ক্লাবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছে।

কাস্ত্রোর স্মৃতির প্রতি সম্মান জানাতে রোববার বার্নলির বিপক্ষে ম্যাচে বিশেষ শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ব্রমউইচ। ম্যাচের ২৫ মিনিটে করতালির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে। পাশাপাশি দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

একটি সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার বয়সেই এভাবে মাঠ থেকে চিরবিদায় নিতে হলো কেভিন কাস্ত্রোকে। তাঁর হঠাৎ মৃত্যু ফুটবলপ্রেমীদের জন্যও হয়ে উঠেছে গভীর শোকের এক ঘটনা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়