শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ২৯ অক্টোবর ২০২৬

মাঠে ফিরেই ফ্লিকের মন জয় করলেন ডি ইয়ং

মাঠে ফিরেই ফ্লিকের মন জয় করলেন ডি ইয়ং
ছবিঃ সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হিসেবে নেমে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে কোচ হান্সি ফ্লিকের নজর কেড়েছেন বার্সেলোনার এই ডাচ মিডফিল্ডার। এবার বদলি হিসেবে নয়, বরং নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নেওয়াই তার মূল লক্ষ্য।

বিশ্বকাপের সময় নেদারল্যান্ডসের হয়ে খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্টে চোট পান ডি ইয়ং। দীর্ঘ পুনর্বাসনপ্রক্রিয়া শেষে গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন ২৯ বছর বয়সী এই তারকা। বদলি হিসেবে মাঠে নেমে প্রায় ১৬ মিনিট খেলার সুযোগ পান তিনি। এ ম্যাচে তাকে স্বাভাবিক ডিফেন্সিভ মিডফিল্ডের পরিবর্তে আক্রমণাত্মক মিডফিল্ডে খেলান ফ্লিক।

ডি ইয়ংয়ের প্রত্যাবর্তনে সন্তুষ্ট বার্সেলোনা কোচও। তার পারফরম্যান্সের প্রশংসা করে ফ্লিক বলেন, ‘সে অনুশীলনে খুব ভালো করেছে এবং বল পায়ে আমাদের অনেক শক্তি জোগায়। কয়েক মিনিটের জন্য হলেও তার মাঠে নামাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

তবে চাইলেই মূল একাদশে জায়গা পাওয়া সম্ভব নয় ডি ইয়ংয়ের জন্য। বার্সেলোনার মাঝমাঠে প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র। পেদ্রি ও রদ্রির পাশাপাশি গাভি এবং মার্ক বার্নালের মতো খেলোয়াড়রাও রয়েছেন এই পজিশনে। যদিও দানি ওলমোর চোটে আক্রমণাত্মক মিডফিল্ডে সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে সেই জায়গায় খেলছেন ফেরমিন লোপেজ।

এমন পরিস্থিতিতে নিজের ফিটনেস ফিরে পাওয়ার পাশাপাশি কোচের আস্থা অর্জনেও মনোযোগী ডি ইয়ং। ডাচ টেলিভিশন চ্যানেল জিগো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি কখনোই দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকিনি, আর এই মৌসুমেও সেটা চাই না। এখন আমি পুরোপুরি ফিট এবং প্রতিদিন আরও ফিট হচ্ছি। আশা করি, আরও বেশি সময় খেলার সুযোগ পাব।’

তবে চোট থেকে ফেরার পর দ্রুত ছন্দে ফিরতে হলে ধাপে ধাপে এগোনোর প্রয়োজনীয়তাও বুঝতে পারছেন এই ডাচ তারকা। সে কারণে আপাতত নিয়মিত খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। ডি ইয়ং বলেন, ‘আমি বুঝতে পারছি, ধীরে ধীরে ফিরতে হবে। তবে দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো নিয়মিত খেলা এবং যত দ্রুত সম্ভব মূল একাদশে জায়গা ফিরে পাওয়া।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়