ঘরে থাকা উপকরণেই তৈরি করুন মজাদার খিচুড়ি
ছুটির দিনের সকাল মানেই একটু বাড়তি আরাম। আর এমন দিনে গরম গরম খিচুড়ি হলে খাবারের আনন্দটাই যেন বেড়ে যায়। বাইরে হালকা রোদ, ঘরে ধোঁয়া ওঠা খিচুড়ি—বাঙালির কাছে এমন আয়োজন বেশ উপভোগ্য।
ছুটির দিনে ঝটপট সুস্বাদু ও পুষ্টিকর কিছু রান্না করতে চাইলে তৈরি করতে পারেন মটরশুঁটি ও সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি। চাল, ডাল, সবুজ মটরশুঁটি এবং সিদ্ধ ডিমের সমন্বয়ে তৈরি এই খাবারটি পরিবারের ছোট-বড় সবার জন্য হতে পারে দারুণ আয়োজন।
যা যা লাগবে
- পোলাওয়ের চাল ১ কাপ
- মুগ ডাল অথবা মসুর ডাল আধা কাপ
- মটরশুঁটি আধা কাপ
- সিদ্ধ ডিম ২–৩টি
- পেঁয়াজ কুচি আধা কাপ
- কাঁচামরিচ ৪–৫টি
- আদা-রসুন বাটা ১ চা চামচ
- হলুদ, মরিচ ও জিরা গুঁড়া পরিমাণমতো
- গরম মসলা গুঁড়া সামান্য
- তেজপাতা ১–২টি
- তেল অথবা ঘি পরিমাণমতো
- লবণ স্বাদমতো
যেভাবে রান্না করবেন
প্রথমে চাল ও ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে তেল বা ঘি গরম করে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা এবং হলুদ, মরিচ ও জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলার সঙ্গে ধুয়ে রাখা চাল-ডাল ও মটরশুঁটি দিয়ে কয়েক মিনিট ভাজুন। এরপর চাল-ডালের পরিমাণ অনুযায়ী গরম পানি, স্বাদমতো লবণ ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে চাল ও ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজনে অল্প অল্প করে গরম পানি যোগ করতে পারেন।
খিচুড়ি আপনার পছন্দ অনুযায়ী ঝরঝরে অথবা মাখা মাখা হলে ওপর থেকে সামান্য ঘি ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে কয়েক মিনিট ঢেকে দমে রাখুন।
পরিবেশন
চুলা থেকে নামিয়ে গরম গরম খিচুড়ি প্লেটে পরিবেশন করুন। পাশে রাখুন খোসা ছাড়ানো সিদ্ধ ডিম। চাইলে সঙ্গে আচার, বেগুন ভাজি কিংবা সালাদও রাখতে পারেন।
ছুটির দিনের সকালের নাশতা কিংবা দুপুরের খাবারে ডিম-মটরশুঁটির এই খিচুড়ি হতে পারে সহজ ও সুস্বাদু আয়োজন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন মজাদার এই পদ।



























