কক্সবাজারের উখিয়া ১৪৪ ধারা জারি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে টানা চার দিন ধরে আগুন বের হচ্ছে। এ ঘটনায় জননিরাপত্তার স্বার্থে আগুনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত ইনানীতে এভাবে গ্যাসের সঙ্গে আগুন নির্গত হচ্ছে। স্থানীয় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাড়ির উঠানে নলকূপ স্থাপনের জন্য বোরিং করানোর পর ওই স্থান থেকেই গ্যাস বের হতে শুরু করে এবং তাতে আগুন জ্বলে ওঠে।
ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আগুনের উৎসস্থলের চারপাশের ২০০ মিটার এলাকা কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হলেও পরে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
এদিকে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার দৃশ্য দেখতে মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকসহ দূরদূরান্ত থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইনানীতে আসা ভূতাত্ত্বিক জরিপ দলের পার্টি চিফ এস এম নাফেফুন আরহাম বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হতে দিতে হবে। নির্গমনস্থলের আগুনের শিখা বন্ধ করা যাবে না এবং গ্যাসের প্রবাহপথেও বাধা সৃষ্টি করা যাবে না। অন্যথায় ভূগর্ভে গ্যাস জমে উচ্চচাপে বিস্ফোরণ ঘটতে পারে এবং তা আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ১৫ দিন পর্যন্ত গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করতে হবে। প্রবাহ ধীরে ধীরে কমে এলে একপর্যায়ে তা প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যেতে পারে। তবে এ সময়ের মধ্যে প্রবাহ না কমলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগুনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ আগুনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।



























