শাহজালালে সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিদেশি সিগারেট, প্রসাধনী, জর্দা ও মদ জব্দ করার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
রোববার শুল্ক গোয়েন্দার বি ও সি-শিফটের দুই অভিযানে পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে সোমবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিআইআইডি জানায়, মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ‘বি-শিফট’ দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নজরদারি বাড়ায়।
গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী হিমেল ও শারমিন আক্তারের ব্যাগেজ তল্লাশি করে ৫৪০ কার্টন সিগারেট এবং ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়। বি-শিফটের জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে রাত ২টা ১০ মিনিটে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দার ‘সি-শিফট’। এতে মাহাথে হাসান বাবু ও সোহদুল হাসান শাকিল নামের দুই যাত্রীর কাছ থেকে ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস ‘বিস্কোস’ হোয়াইটেনিং সিরাম ও জর্দা আটক করা হয়।
একই শিফটে কাতার থেকে আসা অপর এক ফ্লাইটে রফিকুল সরদার নামের এক যাত্রীর ব্যাগজব্দ করা হয় ৩ লিটার বিদেশি মদ। সি-শিফটের অভিযানে মোট ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে।



























