বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৫ নভেম্বর ২০২৬

তালায় খাঁচায় আটক গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার

তালায় খাঁচায় আটক গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় খাঁচায় আটক গুরুতর আহত অবস্থায় একটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার শাহাপুর গ্রাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শাহাপুর গ্রামের একটি বাড়িতে খাঁচায় মা বনবিড়ালসহ বাচ্চাটি আটকা পড়ে। পরে মা বনবিড়ালটি পালিয়ে যায়। এ সময় বাচ্চাটির গলায় গুরুতর জখম হওয়ায় সেখানে আটকা পড়ে। শাওন মোল্যা নামের এক যুবক বিষয়টি ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান ও সদস্য সেলিম শেখকে জানান। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করেন।

পরে চিকিৎসার জন্য তালা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ ও ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামাল খান বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান বলেন, “বনবিড়াল কৃষকের নীরব বন্ধু। ইঁদুরসহ ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে এটি কৃষকের উপকার করে। বনবিড়াল হত্যা ও আটকে রাখা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।”

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার তত্ত্বাবধানে বাচ্চাটিকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এটি ওয়াইল্ডলাইফ মিশনের সাময়িক হেফাজতে রয়েছে। সেখানে বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে উপযুক্ত পরিবেশে বন্যপ্রাণীটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

জনপ্রিয়