মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে ৭৭ বছরের বৃদ্ধের কারাদণ্ড
ফরিদপুরের মধুখালীতে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাহেদ আলী (৭৭) নামের এক বৃদ্ধের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৮ জুন দিনগত রাত ১টার দিকে মাদরাসার আবাসিক ছাত্রীদের কক্ষে ঢুকে ঘুমন্ত শিশুটিকে (তখন বয়স ৯ বছর) ধর্ষণের চেষ্টা করেন সাহেদ আলী। তিনি ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও এক শিক্ষকের বাবা। এসময় শিশুটির চিৎকারে তিনি কক্ষ থেকে চলে যান। ঘটনার কয়েক দিন পর শিশুটি তার মাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সাহেদ আলীকে একমাত্র আসামি করে মধুখালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন ফকির।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, “দরিদ্র পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে শিশুটির সঙ্গে আসামি যে অপরাধ করেছেন, তা ন্যক্কারজনক। এ রায়ে আমরা সন্তুষ্ট।”



























