মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় মিজানুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে মাটিকাটা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। তাকে গ্রেফতারের সময় বাসায় সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন।

ডিবির এই কর্মকর্তা জানান, এ ঘটনায় করা মামলায় মিজানুর এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। তাকে নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মিজানুরের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

ঘটনার পর নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়