৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার
চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি জানান, প্রশাসনিক কারণে ওই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনি ট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতিরোধ করেন কয়েকজন পুলিশ সদস্য।
ট্রাকচালক নাছিরের অভিযোগ, তাঁকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের কথিত দুই সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়।
ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন চালক নাছির।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা লুটের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত ও দায়ীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানা যাবে।



























