যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি গলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
নিহতের স্ত্রী মিম জানান, তাঁর স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার পাশের সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।
কান্নাজড়িত কণ্ঠে মিম বলেন, “আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা কী কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করল, সে বিষয়টি বলতে পারছি না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মারুফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।



























