রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে, যাত্রাবাড়ী, পান্থপথ ও উত্তরা পূর্ব থানার সামনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রোববার (৮ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিস্ফোরণের পর ঘটনাস্থলগুলোর একাধিক ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তবে এসব ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনের অংশে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া যাত্রাবাড়ীর কাজলা স্টেশনসংলগ্ন ডেমরা সড়ক এবং পান্থপথেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, উত্তরা পূর্ব থানার ফটকের সামনেও তিনটি ককটেল বিস্ফোরণের খবর জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজমপুর বিআরটি সড়কের (লেন) পূর্ব থানা লক্ষ্য করে ককটেল নয়, বরং ককটেল থেকে ছোট বিস্ফোরকজাতীয় কোনো বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বস্তুটি অল্প পরিসরে বিস্ফোরিত হলেও থানার ভেতর পর্যন্ত পৌঁছায়নি।
এসব ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।



























