সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৬, ৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, দিনে তীব্র গরম

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, দিনে তীব্র গরম
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোর ও রাতে ঠান্ডা থাকলেও দিনের বেলায় তীব্র রোদে বাড়ছে গরম। আবহাওয়ার এমন পরিবর্তনে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্করা পড়ছেন বেশি ভোগান্তিতে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

জেলার বিভিন্ন এলাকায় ভোরে ঘাস ও গাছের পাতায় শিশির জমছে। কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশার। সন্ধ্যার পর অনেকে গরম কাপড় ব্যবহার করছেন। আবহাওয়ার পরিবর্তনে সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের অনুভূতিও।

জনপ্রিয়